‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস

0
নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ তুলে দ্রুত বিচার ও জোরদার নিরাপত্তার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস; ব্যাংকটির পরিচালনায় নিজের সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।। ফাইল ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংক-এর বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুধু নভেম্বর মাসেই দেশে ব্যাংকটির প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিবৃতিতে তিনি জানান, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে এবং হামলার ধরন দেখে তাঁর মনে হয়েছে, প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে।

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন তিনি। তাঁর তথ্য অনুযায়ী, ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী, ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি এবং এই নারী ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক।

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।

২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই; তিনি ব্যাংকটির কোনো শেয়ারের মালিক নন এবং কখনো ছিলেনও না।

কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। অধ্যাপক ইউনূস জানান, এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, যাঁদের কাছে ব্যাংকটি পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।

সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি জানান, একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে; পাশাপাশি বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে গ্রামীণ ব্যাংক, যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা বাধাগ্রস্ত না হয়।

হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মুহাম্মদ ইউনূস এবং প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদেরও হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।