বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

0
ছবি: সংগৃহীত।

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি।

সোমবার বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে চারতলা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার জামাল উদ্দীন ও সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বাগআঁচড়ার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তাঁরা ঐক্যবদ্ধ। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এলাকার স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।