বাঘারপাড়ায় ৪ হাজার ৬২০ জন প্রান্তিক কৃষক পেলেন প্রণোদনার বীজ ও সার

0
ছবি: সংগৃহীত।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৬২০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও মসুর ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

সোমবার সকালে কৃষি অফিসারের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ হাজার ৫০০জন কৃষক ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি (ফসফেট) ও ১০ কেজি করে এমওপি (পটাশ) সার পাবেন।

এছাড়া ১২০জন কৃষক ৫ কেজি করে মসুর ডালের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাবেন।

বীজ ও সার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাইয়েদা নাসরিন জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামসহ উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্যবৃন্দ।