নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ, ইউপি সদস্য লাঞ্ছিত

0
নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইল সংবাদদাতা, লোকসমাজ : নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে কৃষক মানসুর মোল্যা (৪৬) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ মোল্যার সঙ্গে একই বংশের হাসিব মোল্যার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব মোল্যা ইউপি সদস্য কাসেদ মোল্যাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এর জের ধরে শনিবার রাত ১০টার দিকে কদমতলা ত্রিমোহনা মোড়ের একটি দোকানে গেলে হাসিবের কাছে ইউপি সদস্যকে মারধরের কারণ জানতে চান কাসেদ মোল্যার চাচাতো ভাই মানসুর মোল্যা ও নূর ইসলাম। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাসিব মোল্যা তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ।

গুরুতর আহত অবস্থায় মানসুর মোল্যাকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা এলাকায় পৌঁছালে তিনি মারা যান। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২০) পালিয়ে যান।

ইউপি সদস্য কাসেদ মোল্যা বলেন, “হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদকসেবন করতে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। এর প্রতিবাদ করায় মানসুর ও নূর ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হতাহত করেছে।”

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে হাসিব মোল্যাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”