সাদাপোশাকে তথ্য সংগ্রহে গিয়ে ধাওয়া ও ছুরিকাঘাত, ঘটনাস্থলেই প্রাণ হারালেন কনস্টেবল

0
নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন নিহত হয়েছেন; দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছেন এএসআই আবদুস সাত্তার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ নারায়ণগঞ্জের ফতুল্লা-য় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন (৩৩) নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই আবদুস সাত্তার) দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে যান।

রোববার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং এএসআই আবদুস সাত্তারও একই ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, রোববার রাতে আনোয়ার ও সাত্তার সাদাপোশাকে হাশেমবাগ এলাকায় তথ্য সংগ্রহে যান। তখন কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ধাওয়া করে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার। সে সময় দৌড়ে সরে গিয়ে রক্ষা পান সাত্তার।

এ বিষয়ে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সংবাদমাধ্যমে জানান, তথ্য সংগ্রহের সময় দুর্বৃত্তদের ধাওয়া ও ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার মারা যান। তাঁর সঙ্গে থাকা এএসআই সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও তাৎক্ষণিকভাবে তাঁর শারীরিক অবস্থা জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আরও জানান, কনস্টেবল আনোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে এবং আগেও সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদক উদ্ধার ও গ্রেপ্তার হয়েছে। এই হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।