শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ‘সুইডেন আসলাম’, থাইল্যান্ড যাওয়ার পথে আটক

0
গ্রেপ্তারের পর দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলাম-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে গেলে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাঁকে আটক করা হয় এবং পরে ঢাকা মহানগর পুলিশের (ডিবি)-র কাছে হস্তান্তর করা হয়।

ইমিগ্রেশন পুলিশ ও ডিএমপির গোয়েন্দা বিভাগ গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। ডিএমপির ডিবি-র প্রধান শফিকুল ইসলাম আসলামকে গ্রেপ্তারের কথা জানান। জানা গেছে, রাজধানীর তেজগাঁও থানা-র একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় এবং মামলাটির তদন্ত এখন ডিবি করছে।

শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এবং তাঁর বাবার নাম শেখ জিন্নাত আলী। নব্বইয়ের দশকে আলোচিত এই ব্যক্তি চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন।

১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপর একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। একপর্যায়ে কিছুদিন সুইডেনে অবস্থান করার পর দেশে ফিরলে ‘সুইডেন’ শব্দটি তাঁর নামের সঙ্গে যুক্ত হয়।