মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ: নদীতে ছিটকে পড়লেন পোশাক শ্রমিকরা, নিখোঁজ ৭ জন

মোংলা ইপিজেডে কর্মরত ৭০ থেকে ৮০ জন পোশাক শ্রমিক কর্মস্থল শেষে ট্রলারে করে নদী পার হচ্ছিলেন

0

মোংলা সংবাদদাতা, লোকসমাজ : বাগেরহাটের মোংলায় নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে মোংলা ইপিজেডের পোশাক শ্রমিকদের বহনকারী একটি ট্রলারের অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী নদীতে ছিটকে পড়েছেন। এ ঘটনায় ৬ থেকে ৭ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সহকর্মীরা।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে মোংলা নদী পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ট্রলারে থাকা শ্রমিকরা জানান, মোংলা ইপিজেডে কর্মরত ৭০ থেকে ৮০ জন পোশাক শ্রমিক কর্মস্থল শেষে ট্রলারে করে নদী পার হচ্ছিলেন।
নদীর মাঝপথে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রলারের সঙ্গে তাদের ট্রলারের জোরালো সংঘর্ষ হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয় এবং অন্তত ১৫ থেকে ২০ জন শ্রমিক নদীতে পড়ে যান।
দুর্ঘটনার পর কয়েকজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে এখনো ৬ থেকে ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাদের সহকর্মীরা।
তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নামে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী এবং নৌপুলিশ।
অন্ধকার ও নদীর তীব্র স্রোতের মধ্যেও বিভিন্ন পয়েন্টে নিখোঁজ শ্রমিকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় যাত্রী ও শ্রমিকদের অভিযোগ, ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।