রামপালের শিক্ষাপ্রতিষ্ঠানে প্লাস্টিক-পলিথিন বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

0
রামপালের শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক-পলিথিন বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের রামপালের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার দেখতে চান না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় রামপাল উপজেলার শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, “রামপালের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি আর প্লাস্টিক-পলিথিন দেখতে চাই না।” শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই প্লাস্টিক ও পলিথিনবিরোধী কার্যক্রম শুরু করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এখান থেকেই শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রতিমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে দুটি আমগাছের চারা রোপণ করেন।

এরপর প্রতিমন্ত্রী রামপাল উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সমন্বিতভাবে দায়িত্ব পালন এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।