মোল্লাহাটে কন্যাশিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, তিনজন আটক

0

মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা, লোকসমাজ : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মুসলিমা খাতুন (৭) নামে এক কন্যাশিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামের একটি পানবরজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত মুসলিমা খাতুন কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পানবরজের পাশে একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে ভেতরে একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে পানবরজের মালিক জাহাঙ্গীর (৫৫), তার ছেলে রমজান (২৩) ও আব্দুর রহমান (১৯) নামে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, একপর্যায়ে কয়েকজন উত্তেজিত ব্যক্তি হত্যাকাণ্ডের জন্য দায়ী সন্দেহ করে জাহাঙ্গীরের বাড়িতে অগ্নিসংযোগ করেন। তবে কারা এ ঘটনায় জড়িত এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।