মোংলায় বাস ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

0
মোংলায় বাস-গ্যাস সিলিন্ডার ট্রাকের সংঘর্ষ
মোংলায় বাস-গ্যাস সিলিন্ডার ট্রাকের সংঘর্ষ হয়েছে সোমবার - লোকসমাজ

মোংলা সংবাদদাতা, লোকসমাজ : বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী আরমান পরিবহনের একটি বাসের সঙ্গে এলপিজি গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোংলাগামী দ্রুতগতির আরমান পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা এলপিজি গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় বাসের চালক, হেলপারসহ কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

মোংলা ফায়ার সার্ভিস ও কাটাখালী হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক করার কাজ শুরু হয়। এছাড়া গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি থেকে কোনো ধরনের ঝুঁকি রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।