ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে কেশবপুরে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

0
ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে কেশবপুরে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর), লোকসমাজ : যশোরের কেশবপুর উপজেলার মধু সড়ক স্বর্ণপট্টি এলাকায় অবস্থিত ইত্যাদি স্টোরে অভিযান চালিয়ে ভেজাল ও অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রি ও মজুতের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, সোমবার সকাল ১০টার দিকে কেশবপুরের কালীবাড়ির সামনে অবস্থিত ইত্যাদি স্টোরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের শিশুখাদ্য ও খাদ্যপণ্য বিক্রি ও বাজারজাত করা হচ্ছিল। জব্দ করা পণ্যের মধ্যে ছিল চায়না চোক, ড্রিংকা, নাটোরের কাঁচাগোল্লা, ইনটেক ম্যাঙ্গো জুস ও জিরা চিপসসহ বিভিন্ন খাদ্যপণ্য।

তিনি আরও জানান, দোকানে লেবেলবিহীন পণ্য পাওয়া যায়। এছাড়া বেশ কিছু পণ্যে উৎপাদন ও বিক্রয়মূল্য, ক্রয়মূল্য এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এসব অনিয়ম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারার লঙ্ঘন হওয়ায় ইত্যাদি স্টোরের মালিক স্বপন কুমার দাসকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তাস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।