বোয়িং কেনা নিয়ে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

0
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় আন্তঃসরকারি সংস্থা অনুবিভাগের সচিব এম ফরহাদুল ইসলাম (বাঁয়ে) এবং অতিরিক্ত পররাষ্ট্রসচিব এ কে এম শহীদুল করিম (ডানে) উপস্থিত ছিলেন।। ছবি: সংগৃহীত

মার্কিন সংস্থা বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে এবং দেশের এভিয়েশন খাতের চাহিদার ভিত্তিতেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এই কেনাকাটার পেছনে কোনো ধরনের গোপন এজেন্ডা বা বাইরের কোনো চাপ নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সময় গত ২২ সেপ্টেম্বর বোয়িং কোম্পানির কাছ থেকে অতিরিক্ত ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এর আগে গত এপ্রিল মাসেও বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার পৃথক চুক্তি হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা।

চুক্তির স্বচ্ছতা তুলে ধরে তিনি বলেন, হোয়াইট হাউসের নির্দেশে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চারজন মন্ত্রীর উপস্থিতিতে একটি অত্যন্ত উন্মুক্ত পরিবেশে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ বোয়িংয়ের ওপর নির্ভরশীল হলেও বর্তমানে যাত্রীচাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে মিশ্র বহরের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বোয়িং কেনায় কোনো চাপ রয়েছে কি না তা নাকচ করে প্রতিমন্ত্রী বলেন, যাত্রীসেবার মান উন্নত করা ও রুট বাড়ানোর লক্ষ্যেই বহর সম্প্রসারণ করা হচ্ছে। প্রয়োজনে বাংলাদেশ ভবিষ্যতে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে।

এদিকে, বিমানের বহুল আলোচিত ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পুনরায় চালু প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, বিষয়টি নিয়ে বর্তমানে কারিগরি মূল্যায়ন ও যাচাই-বাছাই চলছে। অতীতে যেসব কারিগরি জটিলতার কারণে এ রুটের ফ্লাইট বন্ধ হয়েছিল, তা দূর করে পুনরায় চালু করতে প্রয়োজনীয় বিষয়গুলো সরকার গভীর পর্যবেক্ষণ করছে।