দিল্লিতে আটক মমতা, পুলিশ বাসে নেহা বোরা, ঘিরে রেখেছেন বিক্ষোভকারীরা

0
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সাউথ অ্যাভিনিউতে ধর্নায় বসার পর সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করছে দিল্লি পুলিশ।। ছবি: সংগৃহীত

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চঞ্চলতা। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজধানীতে আটক করেছে দিল্লি পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায় বসার পর তাঁকে সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছ থেকে আটক করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক শীর্ষ দলীয় সাংসদকেও পুলিশ আটক করেছে।

আটক হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে।

নেহা বোরা ।। ছবি: সংগৃহীত

অন্যদিকে, আন্দোলনের মুখে পুলিশি পদক্ষেপকে কেন্দ্র করে দেখা দিয়েছে চরম উত্তেজনা। আটক করা হয়েছে ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকে।

তাঁকে আটকের পর একটি পুলিশ বাসে রাখা হলে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা বাসটি চারদিক থেকে ঘিরে রাখেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেহা বোরা জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের স্থান পরিবর্তন করা হয়েছে।

নয়াদিল্লির যন্তর মন্তরের বদলে আন্দোলন কর্মসূচির জায়গা দিল্লি হাটে স্থানান্তর করার ঘোষণার পরপরই পুলিশ তাঁকে আটক করে।

উল্লেখ্য, ২৯ বছর বয়সী নেহা বোরা দিল্লির ঐতিহ্যবাহী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি শিক্ষার্থী। সেই সঙ্গে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী ও তরুণদের বিক্ষোভ ও আন্দোলনের অন্যতম প্রধান ‘পোস্টার গার্ল’ হয়ে উঠেছেন এই তরুণী।