মহেশপুরে নেশার টাকার জন্য মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ: মাদকের ভয়াল থাবায় ঝিনাইদহের মহেশপুরে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নেশার টাকার যোগান না পেয়ে জন্মদাত্রী মা শকের বানু (৬০)কে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে ইখলাস (৩২)-এর বিরুদ্ধে। শুক্রবার ভোররাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইখলাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার অর্থ জোগাড় করতে গিয়ে সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। ঘটনার আগের রাতেও মাদকের টাকার জন্য মা শকের বানুর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ভোররাতে ঘুমন্ত মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গলা কেটে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

হত্যাকাণ্ডের পর ইখলাস পালানোর চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।

সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী শকের বানুর ঘরে খাবার দিতে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পরে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে মাদকের টাকার বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ইখলাসকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।