মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত, ঢাকায় চিকিৎসাধীন

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া রাবার বুলেটে রুবেল (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে রুবেল কয়েকজনের সঙ্গে অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রক্যাম্প বিএসএফের টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে।

এতে রুবেল আহত হলে তার সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, “একজন আহত হওয়ার তথ্য আমরা পেয়েছি। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে।”

ঘটনার বিষয়ে বিজিবি প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।