ডা. জুবাইদা রহমানের আহ্বান: মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

0

লোকসমাজ ডেস্ক : মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানুষের কল্যাণ, মানবিকতা ও উন্নয়ন গুরুত্ব পাবে। দেশের অগ্রগতি এবং মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান, বনানী, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট থানার ১০৭ জন দুস্থ মানুষ, দুজন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নে ৪০ জনসহ মোট ১৬৫ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের কাছে সহায়তার চেক ও নিমগাছের চারা তুলে দেন।

মানুষের বিপদের সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই দায়িত্ব। মানুষের পাশে থাকার অঙ্গীকার ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশ ও মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবার পেল নতুন ঘর

এদিকে রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া সাতটি পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসা হবে সমাজের প্রধান ভিত্তি। দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।

এ সময় অগ্নিকাণ্ডে নিহত ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমান শুভ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। শাহরিয়ারের ভবিষ্যৎ নিয়ে পরিবারের স্বপ্ন অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে থেমে যাওয়ায় দুঃখ প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন ডা. জুবাইদা রহমান।

এ ছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতি সমবেদনা জানান তিনি। বক্তব্যের শেষে শাহরিয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ভোরে রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনির পশ্চিম পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহরিয়ার রহমান শুভ্র নামে ১৯ বছর বয়সী এক তরুণ নিহত হন। আগুনে সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হয়।