নড়াইলে শিশুকন্যার লাশ উদ্ধার

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির বাবা বাড়ির পাশের একটি দোকান থেকে তার জন্য চানাচুর কিনে দেন। এরপর শিশুটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী রবিউল ইসলাম রবির (৩৫) ঘরের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, ওই সময় রবিউল ইসলাম বাড়িতে ছিলেন না।

পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আকবর জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটির সঙ্গে রবিউল ইসলাম রবির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জড়িত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।