কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

0
কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে ময়লার ভাগাড়ের দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবে পাঠদান ব্যাহত হচ্ছে ।। ছবি: লোকসমাজ

কাজীরহাট (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব ও দূষিত পরিবেশের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।

সরেজমিনে দেখা গেছে, কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুল-এর দোতলা ভবনের পেছনে পলিথিন, প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট, কাগজসহ বিভিন্ন ধরনের পচনশীল বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে।

কোনো কোনো স্থানে ময়লা পোড়ানোর চিহ্নও দেখা গেছে। স্কুল ভবনের জানালার কাছেই আবর্জনার স্তূপ থাকায় দুর্গন্ধ সরাসরি শ্রেণিকক্ষে ঢুকছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু জানান, দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবে পাঠদান ব্যাহত হচ্ছে এবং এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ সমস্যা সমাধানে তাঁরা পৌর কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস বলেন, বিষয়টি তাঁরা জেনেছেন এবং খুব দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।