ঝিনাইদহ সদরে রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

0
ঝিনাইদহ সদরের ১৭টি ইউনিয়নের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে রবি মৌসুমে সরিষা, মসুর ও গম চাষে বিনামূল্যে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।। ছবি: লোকসমাজ

ঝিনাইদহ প্রতিনিধি॥ রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ঝিনাইদহ সদর উপজেলায় শুরু হয়েছে সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। সোমবার (২৩ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি বিভাগের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, সদর উপজেলার ১৭টি ইউনিয়নের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের এই সহায়তার আওতায় আনা হয়েছে। এর মধ্যে সরিষা চাষের জন্য ৪ হাজার ৫০০ জন কৃষককে মাথাপিছু ১ কেজি বীজ ও ২০ কেজি রাসায়নিক সার দেওয়া হচ্ছে।

পাশাপাশি মসুর চাষের জন্য ৫০০ জন কৃষককে ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার এবং গম চাষের জন্য ১৫০ জন কৃষককে ২০ কেজি বীজ ও ৭৩ কেজি রাসায়নিক সার সরবরাহ করা হচ্ছে।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মাসুদ।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা জানান, রবি মৌসুমে সঠিক সময়ে বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় কৃষকরা ফসলের আবাদ সম্প্রসারণ করতে পারবেন। এর ফলে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলন বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।