দেশে ৪ কোটি মানুষ মানসিক সমস্যায়, সুস্থ থাকতে ইতিবাচক চিন্তার আহ্বান মানসিক স্বাস্থ্য দিবসে

0
র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে; আলোচনায় মানসিক সমস্যার পরিসংখ্যান ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব দেন বক্তারা।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার॥ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সোমবার যশোর-এ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আত্মহত্যার বিষয়ে ধারণা পরিবর্তন ও বেঁচে থাকার অভিজ্ঞতা শুনি বিষয়ে পৃথক দুটি র‌্যালি বের করা হয়।

যশোর সিভিল সার্জন অফিস র‌্যালি দুটির আয়োজন করে। র‌্যালি শেষে “আত্মহত্যার বিষয়ে ধারণার পরিবর্তন, শুরু হোক আলাপন” এবং “বেঁচে থাকার অভিজ্ঞতা শুনি, প্রকৃত কন্ঠ পরিবর্তন করি” প্রতিপাদ্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সারা বিশ্বে ছয়জনে একজন মানসিক সমস্যায় ভুগছেন। বাংলাদেশে ২০জনে ৫ জন কিংবা চারজন মানসিক সমস্যায় ভোগেন; সে হিসাবে ৪ কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে কোনো না কোনো কারণে ১৮ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে ১৮ ভাগ এবং ১২ শতাংশ শিশু মানসিক সমস্যায় ভুগছে বলে জানানো হয়।

বক্তাদের তথ্য অনুযায়ী, এসব রোগীর চিকিৎসার জন্য দেশের বিভিন্ন স্থানে মাত্র ৩০০ জন সাইকিয়াট্রিক চিকিৎসক রয়েছেন। এ কারণে শতকরা ৯০ ভাগ মানসিক রোগী চিকিৎসার বাইরে থাকছেন এবং ১০ ভাগ মানুষ চিকিৎসা গ্রহণ করছেন।

বক্তারা আরও বলেন, সামাজিকভাবে মান-অভিমান, হীনমন্যতা ও নেতিবাচক চিন্তাধারা থেকে মানসিক রোগের সৃষ্টি হয় এবং মানসিক সমস্যার কারণে অনেকে আত্মহত্যা কিংবা ভিন্ন পথ বেছে নেন।

জীবন মূল্যবান উল্লেখ করে নিজ জীবন সুস্থ ও সুন্দর রাখতে সকলকে মানসিক সমস্যা থেকে মুক্ত হওয়ার তাগিদ দেওয়া হয়।

করণীয় হিসেবে মানসিক সুস্বাস্থ্য রক্ষায় প্রত্যেকে প্রত্যেকের প্রতি ইতিবাচক চিন্তাধারায় দেখার এবং কারও প্রতি নেতিবাচক চিন্তার পরিবেশ তৈরি না করার আহ্বান জানান বিশেষজ্ঞ চিকিৎসক ও আলোচকেরা।

যশোর সিভিল সার্জন অফিসের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নন-কমিউনিকেবল ডিজিজের ন্যাশনাল কনসালটেন্ট মো. আব্দুল কাদের সভায় তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

এরপর আলোচনায় অংশ নেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, যশোর মেডিকেল কলেজের সাইকিয়াট্রিক বিভাগের ডা. মাহবুবুল হাসান এবং শংকরপুর গোলাম প্যাটেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক মো. নজরুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, যশোর ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, যশোর টিবি হাসপাতালের কনসালটেন্ট ডা. শেখ মো. কামরুজ্জামানসহ চিকিৎসক ও কর্মচারীরা।