দুর্নীতি বন্ধে রাজনৈতিক নেতাদের সততার প্রমাণ দিতে হবে: আইনমন্ত্রী

0

ঝিনাইদহ প্রতিনিধি: রাজনীতিতে দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে নিজেদের সততার প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগে ঘুষ ও বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও পেশাদার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রাজপথে কিংবা সভা-সমাবেশে দুর্নীতি বন্ধের কথা বললেই হবে না। রাজনৈতিক নেতৃত্বে থাকা ব্যক্তিদের আগে নিজেদের দুর্নীতিমুক্ত হতে হবে। রাজনীতি থেকে ব্যক্তি ও নেতাদের দুর্নীতি দূর করতে না পারলে দুর্নীতিবিরোধী যেকোনো উদ্যোগ ব্যর্থ হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্য প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, শিক্ষক-কর্মচারী নিয়োগে টাকা-পয়সার লেনদেন বা ঘুষের অভিযোগ পাওয়া গেলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ম্যানেজিং কমিটির সভাপতি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করাও বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, কোনো প্রধান শিক্ষক শিক্ষার মান ও পরিবেশ নষ্ট করে অনিয়ম কিংবা লুটপাটে জড়ালে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা এবং শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা শিক্ষকদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাদের মাদকের গ্রাস থেকে রক্ষা করতে নতুন করে ভাবতে হবে। এ জন্য শিক্ষকদের পরিকল্পিত ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে।

মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।