মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতের ওই ঝড়ে উপজেলার দুটি ইউনিয়ন স্বরুপপুর ও শ্যামকুড়ে ক্ষতি হয়েছে বেশি।

উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি। স্বরূপপুর ও শ্যামকুড় ইউনিয়নে ক্ষতির তীব্রতা ছিল সবচেয়ে বেশি।

রাতভর বৃষ্টির পর বুধবার সকালে কৃষকেরা মাঠে গিয়ে দেখেন এক হাহাকার দৃশ্য। শিলার আঘাতে কলার পাতা চিরে গেছে, ভেঙে পড়েছে অনেক গাছ। একই সঙ্গে শিম, লাউসহ অন্যান্য সবজির মাচা ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছে, শিলার আঘাতে পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে ফলন।

ক্ষতিগ্রস্ত সবজি চাষি নাজমুল হোসেন হতাশা প্রকাশ করে বলেন, হঠাৎ রাতে এমন শিলাবৃষ্টি হবে তা কল্পনাও করতে পারিনি। সকালে মাঠে গিয়ে দেখি সব শেষ। ঋণের টাকায় চাষ করা সবজি ক্ষেত এক রাতের শিলাবৃষ্টিতে শেষ হয়ে গেল।

আব্দুর রহিম নামের আরেক কৃষক বলেন আমার ১ বিঘা কলা বাগান সব গাছ ঝড়ে ভেঙে পড়েছে। তিনি কান্না জড়িত কন্ঠে আরও বলেন এমনিতেই সার পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট ও দেনা করে সার ওষুধ কিনতে হয়েছে। প্রতিটা কলা গাছে মোচা এসেছে এমন অবস্থায় ঝড়ে সব কলাগাছ ভেঙে গেছে। এখন আমি লোকের দেনা শোধ করবো কিভাবে বলে কেঁদে ফেলেন।

এ বিষয়ে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বিশেষ দুটি ইউনিয়নে কলা ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। কতটুকু জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে কৃষি কর্মকর্তারা ইতোমধ্যে মাঠে নেমে কাজ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হবে।