মোবারকগঞ্জসহ ৯ চিনিকলের আখচাষিদের প্রণোদনার উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

আসিফ কাজল, ঝিনাইদহ॥ উন্নত প্রযুক্তি ও আধুনিক কলাকৌশলের মাধ্যমে আখচাষে উৎসাহিত করতে ঝিনাইদহের ঐতিহ্যবাহী মোবারকগঞ্জ চিনিকলসহ দেশের ৯টি চিনিকল এলাকার আখচাষিদের মধ্যে প্রণোদনা প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভা থেকে ভিডিও কলের মাধ্যমে ডিজিটাল বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। রাজশাহীর মূল অনুষ্ঠানের সাথে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত ছিলেন ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিকনেতা ও সাধারণ আখচাষিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আট মাস আগের নির্বাচনী জনসভায় কথা দিয়েছিলাম, জনগণ ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিলে কৃষক ভাইদের পাশে দাঁড়াবো। আমরা কথা রেখেছি। সরকার গঠনের মাত্র সাত দিনের মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত সকল কৃষিঋণ মওকুফ করা হয়েছে। সারাদেশের প্রায় ৩৯ হাজার কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হচ্ছে।

বন্ধ কলকারখানা পুনরুজ্জীবিত করার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রমিক ভাইদের কষ্ট দূর করতেই বন্ধ হওয়া কলকারখানা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই বন্ধ থাকা ৬টি চিনিকল বেসরকারি উদ্যোক্তাদের যৌথ অংশগ্রহণে পুনরায় চালু করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী কৃষকদের বহুমুখী সেবা নিশ্চিত করতে আগামীতে ‘কৃষি কার্ড’ বিতরণের কথা উল্লেখ করেন। এই কার্ডের মাধ্যমে কৃষকদের জন্যে ১০টি বিশেষ সুবিধার রূপরেখা তুলে ধরেন।

এদিকে মোবারকগঞ্জ চিনিকল প্রাঙ্গণে আয়োজিত ভার্চুয়াল সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ ন ম জোবায়ের, মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল, মহাব্যবস্থাপক (কারখানা) মো. আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) মো. জাহিদুল ইসলাম ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. সাইফুল আলম।

এছাড়াও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাহার আলী, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, আখচাষি প্রতিনিধি মো. ফোরকান আলী, মো. সিরাজুল ইসলাম, মো. মাসুদ রানা পারভেজ, মো. আব্দুর রহিম, মো. কুদ্দুস আলী, মো. বাবুল, মো. মুকুল হোসেন প্রমুখ প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই উদ্যোগকে স্বাগত জানান।