আগামী পাঁচ বছরে শৈলকুপাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা করা হবে: আইনমন্ত্রী

0
আগামী পাঁচ বছরের মধ্যে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।। ছবি: লোকসমাজ

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) ॥ আগামী পাঁচ বছরের মধ্যে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বুধবার (২১ অক্টোবর) সকালে শৈলকুপা পৌর শহরের বিএনপি কার্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মাধ্যমিক শিক্ষক সমিতি, শৈলকুপা উপজেলা শাখার সভাপতি ও দিগনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক তাজনুর রহমান ডাবলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিহাব মল্লিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, কলেজ শিক্ষক প্রতিনিধি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ।

বক্তারা শৈলকুপার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে সংশ্লিষ্ট সবার মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।