মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা শাকের হোসেন নিহত

0
মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা শাকের হোসেন নিহত

শালিখা (মাগুরা) সংবাদদাতা: মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেন (৩৮) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারে কর্মরত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাকের হোসেন মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। তিনি রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ওই কাউন্টারের সামনে আসেন। তাঁদের একজন মোটরসাইকেলে অপেক্ষা করছিলেন, অন্যজন কাউন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় মোটরসাইকেলে থাকা ব্যক্তি ইঞ্জিনের শব্দ বাড়িয়ে দেন। এর কিছুক্ষণের মধ্যেই কাউন্টারের ভেতরে থাকা ব্যক্তি শাকের হোসেনকে গুলি করে পালিয়ে যান বলে জানা গেছে।

গুলিবিদ্ধ শাকের হোসেন নিজের চেয়ারে বসা অবস্থায় লুটিয়ে পড়েন। প্রথমে উপস্থিত ব্যক্তিরা তাঁকে অসুস্থ বা হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করেন। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার সময় চিকিৎসকেরা তাঁর মাথার পেছনে গুলির ক্ষত শনাক্ত করেন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাইনুল হাসান বলেন, সকালে একজন রোগীকে হাসপাতালে আনা হলে প্রথমে তাঁর স্ট্রোক হয়েছে বলে ধারণা করা হয়। পরে পুনরায় পরীক্ষা করে মাথার পেছনে সরু ছিদ্র দেখা যায়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমাদের বিশেষজ্ঞ দল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এ মৃত্যুর পেছনে কী রহস্য রয়েছে, তা তদন্ত শেষে জানানো যাবে।”

কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে শাকের হোসেনকে গুলি করা হয়েছে, তা উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।