অর্থ আত্মসাতের অভিযোগে খুবির সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হান সাময়িক বরখাস্ত

অভিযোগ ওঠার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন

0

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের তহবিল থেকে প্রায় ১৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযোগ ওঠার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইউসূফ রায়হান ইএমবিএ প্রোগ্রামের আর্থিক কার্যক্রমের দায়িত্বে ছিলেন।
অভিযোগ রয়েছে, তিনি ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ইএমবিএ প্রোগ্রামের অর্থ উত্তোলন করেন। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া সেমিস্টার ও পরীক্ষার ফির অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ উঠেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ইএমবিএ শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গিয়ে দেখতে পান, তাদের জমা দেওয়া ফি বিশ্ববিদ্যালয়ের হিসাবে দেখানো হচ্ছে না।
পরে অনুসন্ধানে কয়েকটি ব্যাচের শিক্ষার্থীদের জমা দেওয়া অর্থ ব্যাংকে জমা না হওয়ার তথ্য উঠে আসে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইউসূফ রায়হান ২০১৭ সালে নিয়োগ পান। সে সময়ও তার নিয়োগ নিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছিল।