টানা বৃষ্টিতে চৌগাছার নিচু এলাকায় উঠতি ও কাটা ফসলের ক্ষতি, মাঠে কৃষক ও কৃষি বিভাগ

0
যশোরের চৌগাছায় টানা বৃষ্টির পানিতে জমে থাকা সিমের ক্ষেতে কাজ করছেন এক কৃষক।। ছবি: লোকসমাজ

মুকুরুল ইসলাম মিন্টু, (চৌগাছা) যশোর॥ যশোরের চৌগাছা-য় দুই দিনের টানা বৃষ্টি-তে উঠতি ফসল ক্ষতির মুখে পড়েছে এবং বিশেষ করে মাঠে কেটে রাখা ধানের ক্ষতি হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করেই ফসল রক্ষায় মাঠে কাজ করছেন কৃষকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে চৌগাছায় মুষলধারে বৃষ্টি হয়েছে, যা শনিবারও অব্যাহত ছিল। অবিরাম বৃষ্টিতে ১১টি ইউনিয়ন ও পৌরসভার নিচু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। বৃষ্টির ধারাবাহিকতা থাকলে কেটে রাখা ধানের আরও বেশি ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। শনিবার উপজেলার নারায়ণপুর ও স্বরূপদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠে ফসলের ক্ষতির চিত্র দেখা যায়।

হাজরাখানা গ্রামের মাঠে কৃষক শরিফুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে সিম-এর ক্ষেতে কাজ করতে দেখা গেছে। অবিরাম বৃষ্টিতে সিমের জমিতে পানি জমে যাওয়ায় তা বের করার চেষ্টা করছিলেন তাঁরা। শরিফুল ইসলাম জানান, বৃষ্টিতে তাঁদের অবস্থা খারাপ, সিমের জমিতে পানি জমে আছে এবং তা সরানোর চেষ্টা চলছে; সিমের পাশাপাশি কেটে রাখা ধানেরও অনেক ক্ষতি হয়েছে।

চৌগাছায় অবিরাম বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নিচু এলাকার সবুজ ফসলের ক্ষেত ।। ছবি: লোকসমাজ

একই মাঠে কাজ করা কৃষক মিজানুর রহমান, বাবলুর রহমান ও শফি উদ্দিন জানান, বাতাস না থাকলেও বৃষ্টির কারণে বিঘার পর বিঘা জমির ধান পড়ে গেছে এবং এসব ধান নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। ধানের পাশাপাশি সিম, পটল, সরিষা, পেঁয়াজ, মুলা ও অন্যান্য সবজির ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে।

স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি ও আন্দারকোটা মাঠেও একই চিত্র দেখা গেছে। সেখানে কৃষক আমিনুর রহমান ও বিল্লাল হোসেনসহ অন্য কৃষকেরা জানান, কেটে রাখা ধানের পাশাপাশি ভুট্টা ও বরবটিসহ বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়েছে।

যশোরের চৌগাছায় টানা বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে আছে কেটে রাখা ধান।। ছবি: লোকসমাজ

উপজেলার অধিকাংশ ইউনিয়নের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে এবং এসব এলাকায় কেটে রাখা ধানের ক্ষতি সবচেয়ে বেশি বলে জানা গেছে। শনিবারও ঝিরঝির বৃষ্টি চলতে থাকায় তা অব্যাহত থাকলে ফসলের ক্ষতি আরও বাড়বে বলে মনে করছেন কৃষকেরা।

চৌগাছা উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইন জানান, মাঠে কেটে রাখা ধানের কিছুটা সমস্যা দেখা দেবে, তবে জমি থেকে পানি বের করার ব্যবস্থা থাকলে ক্ষতি অনেকাংশে কম হবে। বৃষ্টি থামার পরপরই উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের ক্ষয়ক্ষতি কমাতে নানা পরামর্শ দিচ্ছেন। ক্ষতির পরিমাণ এখনই বলা কঠিন হলেও দু-এক দিন পর বিস্তারিত জানানো যাবে বলে জানান তিনি।