খুলনায় নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

প্রাথমিক ধারণা করা হচ্ছে কে বা কারা হত্যার পর মরদেহটি বস্তাবন্দি করে এখানে ফেলে রেখে গেছে

0
খুলনায় নারীর বস্তাবন্দী মরদেহ

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনা নগরীর সদর থানাধীন নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের একটি সাততলা ভবনের সামনে পড়ে থাকা একটি সন্দেহজনক বস্তা দেখতে পান স্থানীয়রা। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তাদের সন্দেহ হয়। পরে তারা ৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর বয়স ও পরিচয় জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে কে বা কারা হত্যার পর মরদেহটি বস্তাবন্দি করে এখানে ফেলে রেখে গেছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, “মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য আমরা কাজ করছি।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ আশপাশের ভবন এবং সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ শুরু করেছে। এছাড়া প্রযুক্তির সহায়তায় নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।