যশোরে বারান্দী মালোপাড়ায় স্বাধীনকে হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা

0
নিহত স্বাধীন (১৬) ফাইল ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বারান্দী মালোপাড়ায় ‘চোর’ অপবাদ দিয়ে স্বাধীন (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

নিহত স্বাধীনের মা শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার বাসিন্দা সুমাইয়া আক্তার গত শুক্রবার রাতে মামলাটি করেন। তবে মামলা হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

আসামিরা হলেন, বারান্দী মালোপাড়ার বাসিন্দা রেজা ও তার শাশুড়ি মোছা. ওলি, মোহাম্মদ আলী ও তার ছেলে রনি, একই এলাকার পার্থ ও নারায়ণ।

বাদী তার মামলায় উল্লেখ করেন, গত ১৫ অক্টোবর তার ছেলে স্বাধীন বারান্দী মোল্লাপাড়ার তার দাদির বাড়িতে বেড়াতে যায়। ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সে তার ফুফা জীবনের সাথে মালোপাড়ায় যায়। সেখানকার মন্দিরের গলির সামনে ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ থাকায় তারা রাস্তার উপর দাঁড়িয়ে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে থাকে।

রাত সাড়ে ১২টার দিকে আসামি রেজা, ওলি, মোহাম্মদ আলী ও রনি তার ছেলে স্বাধীনকে চোর অ্যাখ্যায়িত করে এবং নেশাগ্রস্ত অবস্থায় অতর্কিত হামলা চালায়। তারা তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেন। এরই এক পর্যায়ে আসামি রেজা লোহার রড দিয়ে স্বাধীনের মাথায় আঘাত করে। এতে স্বাধীন গুরুতর জখম হয়।

খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে স্বাধীনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে তার মাথায় ২৬টি সেলাই দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে স্বাধীনকে তাকে ঢাকার হোম কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে মারা যায় সে।

তবে মৃত্যুর আগে স্বাধীন তার উপর হামলার সাথে জড়িত অন্যান্য আসামিদের নাম প্রকাশ করে যায়।

এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশের ওসি কবির হোসেন বলেন, ‘মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এছাড়া জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।’

উল্লেখ্য, স্থানীয়দের দাবি, নারিকেল অথবা গাছ সংলগ্ন কবুতরের ঘর থেকে কবুতর চুরির উদ্দেশ্যে স্বাধীন মালোপাড়ার ওলি নামে ওই নারীর বাড়ির নারিকেল গাছে উঠতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলো। তাকে কেউ মারধর করেনি।