এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে শিরোপার লড়াই

0
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু

স্পোর্টস রিপোর্টার, লোকসমাজ: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। রোববার (২৫ অক্টোবর) বিকেলে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। উদ্বোধনী আয়োজনে জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুলের উপস্থিতি বাড়তি আকর্ষণ তৈরি করে।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মাঠে গড়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ। এতে মুখোমুখি হয় সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী দিনেই স্টেডিয়ামে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বুলবুল আহমেদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমান। এ ছাড়া টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম এবং এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.) উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে টুর্নামেন্টটির আয়োজন করেছে এবিজি স্পোর্টস সিটি। এর মাধ্যমে তরুণ ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চায় উৎসাহিত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের প্রত্যাশা, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করবে এই প্রতিযোগিতা। একই সঙ্গে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রতিভা অন্বেষণ এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতেও টুর্নামেন্টটি ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রীড়াভিত্তিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতায় এখন নজর অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স ও শিরোপা জয়ের লড়াইয়ে।