খুলনা কারাগারের প্রাচীর টপকে পালানো হাজতি আটক

0

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনা জেলা কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যাওয়া হাজতিকে দুই ঘণ্টার মধ্যে আটক করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার বিকেলে এ ঘটনায় কারা প্রশাসনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটক হাজতির নাম ইমন মাঝি। কারা সূত্র জানায়, বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতর ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে। তবে প্রথমদিকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ইমন মাঝির পিতা আবদুল মাঝি। তিনি খুলনা মহানগরের লবণচরা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সূত্র আরও জানায়, ইমন মাঝি সোনাডাঙ্গা থানার মামলা নম্বর ০৯(০১)২৫-এর আসামি। ২০২৫ সালের ২১ আগস্ট দণ্ডবিধির ৩৮১/৩৪ ধারায় দায়ের হওয়া একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে তিনি গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। একই সঙ্গে পলাতক হাজতিকে গ্রেপ্তারের লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান ও নজরদারি জোরদার করা হয়।
খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েম জানান, তার নেতৃত্বে কারারক্ষীদের একাধিক দল মাঠে নামে। গোয়েন্দা তথ্য ও ধারাবাহিক অনুসন্ধানের ভিত্তিতে পালিয়ে যাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই ইমন মাঝিকে আটক করা সম্ভব হয়।
তিনি বলেন, দ্রুত অভিযানের কারণে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো গেছে। আটক ইমন মাঝিকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।