জ্যোতিকা জ্যোতির পর এবার অভিনেতা তমাল মাহবুব আটক

0
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের এক দিন পর আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে; তবে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স॥ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের এক দিনের মধ্যেই এবার গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর আজিমপুর কবরস্থান-সংলগ্ন একটি বাসা থেকে তাঁকে আটক করা হয় এবং পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখনো তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম তমাল মাহবুবকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুর এলাকা থেকে তমাল মাহবুবকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

প্রাথমিকভাবে আটকের কারণ নিয়ে বিস্তারিত না জানালেও পরে শফিকুল ইসলাম বলেন, তমাল মাহবুবের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই অভিনেতার বিরুদ্ধে।

তবে এসব অভিযোগ নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এবং এ বিষয়ে তমাল মাহবুবের বক্তব্যও পাওয়া যায়নি।

এর আগে গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং তিনি এখন কারাগারে রয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিনোদন অঙ্গনে আলোচনায় আসা ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের কিছু স্ক্রিনশট ওই বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। জ্যোতিকা জ্যোতিও ওই গ্রুপের সদস্য ছিলেন এবং সে সময় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করে দাবি করেছিলেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা নয়; আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি নিয়ে সেখানে তথ্য বিনিময় হতো।

‘৪২০’ নাটক দিয়ে তমালের যাত্রা

অভিনয়ে আসার আগে শিক্ষকতা করতেন তমাল মাহবুব। ১৯৭৮ সালের ৩ সেপ্টেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামে নানার বাড়িতে জন্ম নেওয়া এই অভিনেতা বেড়ে ওঠেন ঢাকার আজিমপুরে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে ঢাকার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন তমাল মাহবুব। শাহবাগের আজিজ সুপার মার্কেটে বন্ধুদের সঙ্গে নিয়মিত আড্ডার সূত্র ধরে একসময় নাটকে অভিনয়ের সুযোগ পান তিনি। ২০০৭ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’-এর মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন এই অভিনেতা।