কালীগঞ্জে গণপিটুনিতে হতাহত দুজন সহোদর, যশোরের আরবপুরের বাসিন্দা

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনি ও নির্যাতনে হতাহত দুই জন সম্পর্কে ভাই। তারা যশোর শহরের আরবপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহতের নাম হাবিব, আহত হয়েছেন ছোট ভাই সুমন।

বাঁশের সঙ্গে ঝুলিয়ে পিটুনি দেওয়ার ঘটনায় একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাদুরগাছা গ্রামের বিধবা নিলুফা বেগমের বাড়িতে গরু চুরির অভিযোগে হাবিব ও সুমনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের বাঁশের সঙ্গে ঝুলিয়ে মারধর করা হয়। একপর্যায়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়।

গুরুতর আহত সুমনকে শনিবার সকাল ১০টার দিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, গণপিটুনির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।