শার্শায় ১৮ স্বর্ণবারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

0
শার্শায় ১৮ স্বর্ণবারসহ আটক ১

বেনাপোল (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণবারসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর হেফাজত থেকে একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন।

বুধবার (২১ অক্টোবর) সকালে শার্শা থানা-পুলিশ এ অভিযান চালায়। আটক আলাউদ্দিন শার্শা থানার হাড়িখালী গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা-পুলিশের একটি দল অভিযান চালায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ও উপপরিদর্শক (এসআই) জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এতে অংশ নেয়।

অভিযান চলাকালে শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটাসংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১৮টি স্বর্ণবার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করে জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই ব্যক্তি পালিয়ে যান।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, এ ঘটনায় চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক দুই ব্যক্তির পরিচয় ও ঠিকানা শনাক্ত করে তাঁদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক আলাউদ্দিনকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।