কলারোয়ায় চেতনানাশক স্প্রেতে আক্রান্ত একই পরিবারের ১৫ জন হাসপাতালে ভর্তি

স্থানীয়দের অভিযোগ, এলাকায় সক্রিয় মাদকাসক্ত ও কিশোর গ্যাং চক্র এ ধরনের বিষাক্ত স্প্রে প্রয়োগ করে গৃহকর্তাদের অচেতন করে চুরির প্রকাণ্ড ঘটনা ঘটাচ্ছে।

0
স্থানীয়দের অভিযোগ, এলাকায় সক্রিয় মাদকাসক্ত ও কিশোর গ্যাং চক্র এ ধরনের বিষাক্ত স্প্রে প্রয়োগ করে গৃহকর্তাদের অচেতন করে চুরির প্রকাণ্ড ঘটনা ঘটাচ্ছে।

কলারোয়া (সাতক্ষীরা), লোকসমাজ : সাতক্ষীরার কলারোয়ায় চেতনানাশক বিষাক্ত স্প্রেতে আক্রান্ত হয়ে একই পরিবারের নারী ও শিশুসহ অন্তত ১৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি গ্রামের দাউদের বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ঘুম থেকে উঠে আবু দাউদ, রিপন ও পারভীন খাতুন নামে তিনজন বাড়ির আঙিনায় কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন। এরপর দিনভর একই পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ একের পর এক অসুস্থ হতে থাকেন। রাত ৯টা পর্যন্ত মোট ১৫ জনকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা হলেন— পারভীন খাতুন, আবু দাউদ, সিন্থীহা, আবু রায়হান, হাফিজুর রহমান, মেসের আলী, সকিনা খাতুন, রিপন হোসেন, আসমা খাতুন, মমতাজ বেগম, শিশু মেহনাজ, খালিদ হোসেন, সিয়াম হোসেন ও শামীমা খাতুন।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় সক্রিয় মাদকাসক্ত ও কিশোর গ্যাং চক্র এ ধরনের বিষাক্ত স্প্রে প্রয়োগ করে গৃহকর্তাদের অচেতন করে চুরির প্রকাণ্ড ঘটনা ঘটাচ্ছে। এর কয়েক দিন আগেও একই গ্রামে বাড়ি তৈরি ও চুরির উদ্দেশ্যে চেতনানাশক স্প্রে ব্যবহার করে দু’টি মোটরসাইকেল এবং একটি ইজিবাইক চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এলাকাবাসী অবিলম্বে উপজেলা প্রশাসন ও কলারোয়া থানা পুলিশের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থার জোর দাবি জানান।

এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শফিকুল ইসলাম জানান, “চেতনানাশক বিষাক্ত স্প্রেতে আক্রান্ত হয়েই তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”