এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত : বেনাপোলে ৪ কিশোর সন্ত্রাসী আটক- ভিডিও

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরের শার্শা উপজেলার বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় কিশোর গ্যাংয়ের চার জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত এক পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বেনাপোল বন্দর থানার ওসি আশরাফ হোসেন জানান, বুধবার (১৩ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ভবেরবেড় গ্রামের সাগর হোসেনের ছেলে তামিম (১৭), ইব্রাহিমের ছেলে শাওন (১৭), কাগমারী গ্রামের হারুনের ছেলে জুয়েল (১৫) এবং কাদেরের ছেলে ইফাদ হোসেন (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) বিকেলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী পাশের বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় ঘুরতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাদের উত্ত্যক্ত করে। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ওসি আশরাফ হোসেন আরও জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।