মালখানা থেকে মোটরসাইকেল চুরিকালে আটক যুবকের ২ বছরের কারাদণ্ড

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের মালখানায় রাখা মোটরসাইকেল চুরির সময় বুধবার সকালে হাতেনাতে আটক হন তুহিন শেখ নামে এক যুবক। দুপুরের পর প্রতিবেদনসহ পুলিশ তুহিন শেখকে সংক্ষিপ্ত বিচারিক আদালতে সোপর্দ করলে বিচারক তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে এই দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত তুহিন শেখ বাগেরহাটের মোংলা থানার চিলা গ্রামের মৃত আশরাফের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের জনৈক জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া ৭টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি গার্ডের সামনের মালখানায় রক্ষিত একটি লাল রঙের পুরোনো রানার-৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তুহিন শেখ।

এ সময় ট্রেজারির গার্ডে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দেখতে পেয়ে তাকে মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করেন। পরে তাকে থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

সূত্র জানায়, দুপুরের পর পুলিশ আটক তুহিন শেখকে প্রতিবেদনসহ সংক্ষিপ্ত বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।