যশোরে কমিউনিটি পুলিশ কাবাডি : কোতয়ালি থানার নারী ও অভয়নগরের পুরুষ চ্যাম্পিয়ন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অনুষ্ঠিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কোতয়ালি থানা এবং পুরুষ বিভাগে শিরোপা জিতেছে অভয়নগর থানা।

বৃহস্পতিবার বিকেলে যশোরের মুন্সি মেহেরুল্লাহ হল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেয়েদের বিভাগে কোতয়ালি থানা ৩৫-৩৩ পয়েন্টে বাঘারপাড়া থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে অভয়নগর থানা ৪১-২৮ পয়েন্টে কোতয়ালি থানাকে হারিয়ে শিরোপা জয় করে।

ছবি: লোকসমাজ।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন যশোর জেলা কাবাডি ফেডারেশনের আহ্বায়ক আবুল বাশার সাইফুদ্দৌলা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মুন্না বিশ্বাস, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন এবং জেলা ক্রীড়া কর্মকর্তা চিন্ময় সাহাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল আলম।
জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার পরামর্শে কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় এই প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।