ঝিনাইদহে এক দিনে দুই মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল দুই দম্পতির

এক ঘটনায় বাসচাপায় প্রাণ হারান সেনাসদস্য সোহেল কাজী ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি। অন্য ঘটনায় শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান অমরেন্দ্র নাথ ভৌমিক ও তার স্ত্রী মিনা রানী।

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহে পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই দম্পতি। এক ঘটনায় বাসচাপায় নিহত হয়েছেন এক সেনাসদস্য ও তার স্ত্রী। অন্য ঘটনায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন স্বামী-স্ত্রী। বুধবারের (২০ আগস্ট) এসব ঘটনায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রথম ঘটনাটি ঘটে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায়। সকালে মোটরসাইকেলে করে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন সেনাসদস্য সোহেল কাজী ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পথে একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তারা। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
ঘটনাস্থলেই নিহত হন জান্নাতুল ফেরদৌস তুলি। গুরুতর আহত অবস্থায় সোহেল কাজীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোহেল কাজী নড়াইলের বাসিন্দা এবং চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-তে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
একই দিনে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে।
সকালে গবাদী পশুর জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন অমরেন্দ্র নাথ ভৌমিক। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী মিনা রানী। কিন্তু তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।