সাইবার হামলার কবলে পড়ে বন্ধ রয়েছে জনতা ব্যাংকের ওয়েবসাইট

0
বৈশ্বিক সাইবার ঝুঁকির মাঝে স্প্যাম হামলার শিকার হয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। ত্রুটি সারাতে কাজ করছে ব্যাংকটির আইটি বিভাগ।। ছবি: সংগৃহীত

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকির কারণে সতর্কতামূলকভাবে বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক-এর ওয়েবসাইট সাইবার আক্রমণের কবলে পড়েছে।

রোববারের এই প্রতিবেদন প্রস্তুত করার সময় দুপুর ১টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি। তবে ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আশা প্রকাশ করেছেন যে, আজকের মধ্যেই ওয়েবসাইটটি পুনরায় সচল করা সম্ভব হবে।

জানা গেছে, জনতা ব্যাংকের অফিশিয়াল এই ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম বা ক্ষতিকর আক্রমণের চিহ্ন শনাক্ত করা হয়েছে। বর্তমানে ব্যাংকটির আইটি বিভাগের কর্মীরা ত্রুটিগুলো সারিয়ে তোলার জন্য নিবিড়ভাবে কাজ করছেন।

ব্যাংকটির আইটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ওয়েবসাইটের দুটি স্থানে আক্রমণ শনাক্ত হওয়ায় তা ঠিক করতে কিছুটা সময় লাগছে, তবে দিনের মধ্যেই তা ঠিক হয়ে যাবে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত পিএইচপি (PHP) প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ সতর্কবার্তার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাইট বন্ধ রেখেছিল।

পাঁচ দিনের ছুটি শেষে রোববার ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু হওয়ার দিনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল করা সম্ভব হলেও জনতা ব্যাংকের ক্ষেত্রে তা সম্ভব হয়নি।

পিএইচপির এই নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হামলাকারীরা সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছিল এবং দ্রুত সিকিউরিটি আপডেট করতে বলা হয়েছিল।

এদিকে রোববারের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের ওয়েবসাইটগুলো স্বাভাবিক ও সচল রয়েছে।