মনিরামপুরে কথিত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রেস ক্লাব নেতৃবৃন্দের স্মারকলিপি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কথিত একটি সংগঠনের ছায়াতলে থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ব্লাকমেইল, প্রতারণা, হয়রানি, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এছাড়া ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি খুলে সম্মানীয় ব্যক্তিদের সম্মানহানীর অভিযোগ রয়েছে।

অপসাংবাদিকতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মঙ্গলবার সকালে মনিরামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।

পরে সন্ধ্যায় মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদের মাধ্যমে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি এসএম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন, সহসভাপতি ইলিয়াস হোসেন, জিএম ফারুক আলম, যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিক,কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, হোসাইন নজরুল হক, জাহাঙ্গীর আলম, শফিয়ার রহমান, মনোয়ার হোসেন, রাহাত আলী, ইউনুচ আলী, সঞ্জয় দে, রবিউল ইসলাম, রিপন হোসেন সাজু, মোন্তাজ আলী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন ও থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান, এ বিষয়ে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।