যশোরে টানা বৃষ্টি, আরও ৪৮ ঘণ্টা ভারি বর্ষণের আশঙ্কা

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : বৃহস্পতিবার দিবাগত রাত থেকে যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। অধিকাংশ স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হচ্ছে।
খুলনা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান লোকসমাজকে জানান, খুলনা বিভাগজুড়ে অতি ভারি বর্ষণ হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টাও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে তিনি জানান।
যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টায় যশোরে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে একই ধারায় বৃষ্টি অব্যাহত রয়েছে।
সাপ্তাহিক ছুটির কারণে সকাল ১১টা পর্যন্ত যশোর শহরের সড়কগুলো ছিল প্রায় জনশূন্য। অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কাঁচাবাজারগুলোতেও ক্রেতার উপস্থিতি ছিল খুবই কম।
আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি কিছু সময় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরে উত্তর-পূর্ব দিকে বাঁক নিতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে।
এদিকে মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।