দেশের ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ

0
দেশের ৫টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নদী অববাহিকায় ১ নম্বর সতর্কসংকেতের পাশাপাশি প্রশমিত হতে পারে মৃদু তাপপ্রবাহ।। ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দেশের ৫টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে নদী অববাহিকার এলাকাগুলোতে সতর্কসংকেত জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এর ফলে ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এদিকে সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসের গতিবেগ ও বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমে স্বস্তি ফিরতে পারে। উল্লেখ্য, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।