দুপুরের মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

0
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের ১১টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারির পাশাপাশি ট্রলারসমূহকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।। ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে দেশের অভ্যন্তরীণ ১১টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদরা এ আশঙ্কার কথা জানান।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী—যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাই সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা আরও জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটির কারণে বঙ্গোপসাগর বর্তমানে বেশ উত্তাল রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, আবহাওয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও জোর সম্ভাবনা রয়েছে।