নতুন করে জ্বালানির দাম বাড়ানোর ভাবনা নেই, বাজার স্থিতিশীল হলে সমন্বয়: প্রতিমন্ত্রী অমিত

0
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল হওয়ার পর পরিস্থিতি বিবেচনায় দ্রুততম সময়ে মূল্য সমন্বয় করা হবে। তবে বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, সিভিল সার্জন মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শাফায়েত হোসাইন প্রমুখ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, “বিশ্বে জ্বালানি বাজার স্থিতিশীল হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে সমন্বয় করার যখনই সময় হবে, তখনই তা করা হবে। নতুন করে মূল্য বৃদ্ধির কোনো ভাবনা এ মুহূর্তে সরকারের নেই।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে এলে তার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সরকার মূল্য আরও নিম্নস্তরে নির্ধারণের বিষয়টি বিবেচনা করবে।

প্রতিমন্ত্রীর এ বক্তব্যের মাধ্যমে জ্বালানি তেলের মূল্য নিয়ে চলমান জনআলোচনার মধ্যে সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।