মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

0
মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকার পাশাপাশি দেশের আটটি বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।। ছবি: সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আটটি বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্যের কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এই বৃষ্টিপাতের কারণে দেশের সার্বিক তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে রাজধানী ঢাকায় সকাল থেকেই আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বেলা একটা পর্যন্ত ঢাকা ও এর আশপাশের অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।

আজ সকাল সাতটায় ঢাকার জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে জানানো হয়, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর পাশাপাশি হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, আজ সকাল ছয়টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।