যশোর পৌরসভার দুই ওয়ার্ডের বেহাল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন অমিত

0
যশোর শহরে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর পৌরসভার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত - লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বেহাল সড়ক অবশেষে উন্নয়নের আওতায় এসেছে। শুক্রবার আট কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

একই সঙ্গে সাত কিলোমিটার ড্রেন নির্মাণ এবং তিন কিলোমিটার সড়ক বাতি স্থাপন কাজেরও উদ্বোধন করেন তিনি।

দীর্ঘদিন ধরে ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়া চোপদারপাড়া ও আনসার ক্যাম্প এলাকার বাসিন্দারা বেহাল সড়ক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিলেন। বিভিন্ন সময় আশ্বাস পেলেও বাস্তবায়ন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছিল। অবশেষে নতুন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তাদের সেই দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী মোকলেছুর রহমান জানান, ৫ নম্বর ওয়ার্ডের চোরমারা দিঘির উত্তর পাড় থেকে হাজামপাড়া মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ করা হবে। এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের চোপদারপাড়ার বিভিন্ন সড়কে উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজ করা হবে।

যশোর শহরে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত – লোকসমাজ

তিনি আরও জানান, মামুনের বাড়ি থেকে মদিনা মসজিদ, শহীদের বাড়ি থেকে বিশ্বাসের বাড়ি, হাসমতের বাড়ি থেকে আকতারের বাড়ি, মনা মিয়ার বাড়ি থেকে ফারুকের বাড়ি, শাহজাহানের বাড়ি থেকে তন্ময়ের বাড়ি, চোপদারপাড়া থেকে পিয়ারি মোহন সড়ক এবং রয়েলের বাড়ি থেকে কামালের বাড়ি হয়ে নুরুন্নবীর বাড়ি পর্যন্ত সড়কের উন্নয়ন করা হবে।

প্রকল্পের আওতায় তিন কিলোমিটার সড়ক বাতি স্থাপন করা হবে। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি টাকা এবং আগামী বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।