পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ পাবনা সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ওই বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টির মধ্যে আটজন বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুজন।

বজ্রপাতের পর হতাহতরা টং ঘরেই পড়ে ছিলেন। সন্ধ্যার দিকে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় অবস্থিত। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।