যশোরের চার উপজেলায় একদিনে ৭০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৫

ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে মাদকবিরোধী অভিযান জোরদার; জব্দ একটি প্রাইভেটকার

0
যশোরের চার উপজেলায় একদিনে ৭০০ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরের শার্শা, ঝিকরগাছা, সদর ও চৌগাছা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মোট ৭শ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেটকারসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ।

ডিবি পুলিশ ভিন্ন ভিন্ন বার্তায় জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে শার্শা উপজেলার আমতলা গাতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মোশারেফ হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে কাশিনাথ বসু (৪৫) ও মো. আজিজুর রহমানকে (৩৫) আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

পরে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় নড়াইল-যশোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস লিমিটেডের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. সোহাগ হোসেনকে (৩৫) আটক করা হয়। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চৌগাছায় ইয়াবাসহ আটক ব্যক্তি
চৌগাছায় ইয়াবাসহ আটক ব্যক্তি – লোকসমাজ

অন্যদিকে, রাত ৯টার দিকে চৌগাছা থানার এএসআই মো. মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে চৌগাছা বিশ্বাসপাড়া (ব্র্যাকপাড়া) এলাকায় মো. আবু বক্কর সিদ্দিক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। চৌগাছা ব্র্যাক অফিসের পাশের একটি গলিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক সোহাগ হোসেন যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী গ্রামের বাসিন্দা। অন্যদিকে শার্শায় আটক মোশারেফ হোসেন বর্তমানে গাতীপাড়া আমতলা এলাকায় বসবাস করতেন, ঝিকরগাছায় আটক দুই ব্যক্তির বাড়ি কৃষ্ণনগর এলাকায়, এবং চৌগাছায় আটক আবু বক্কর সিদ্দিকের বাড়ি ঘটনাস্থল বিশ্বাসপাড়াতেই।

পুলিশ জানিয়েছে, পৃথক চারটি অভিযানে মোট ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটক পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।