শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যশোরে নিরাপত্তা জোরদার এসআরবি’র

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ও নড়াইলে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পূজামন্ডপ ও আশপাশের এলাকায় বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি, সাইবার মনিটরিং এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা অথবা বিশৃঙ্খলা সৃষ্টি বা চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

রোববার দুপুর ১২টায় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দির পরিদর্শনকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, স্পেসাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩ এর দায়িত্বে থাকা যশোর ও নড়াইলে জেলায় ১হাজার ২৭৮টি পূজামন্ডপ রয়েছে।

এসব মন্ডপে যাতে হিন্দু সম্প্রদায়েরের লোকজন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন সেজন্য গত ১৩ অক্টোবর থেকে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু করা হয়েছে। যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

সন্দেহজনক তৎপরতা পর্যবেক্ষণ এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও বলা হয়, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যদি কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেন তাহলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। সাধারণ মানুষ যাতে ভয়ভীতি ও শঙ্কামুক্ত পরিবেশে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।